দেশের আংশিক এলাকায় মৌসুমের প্রথম ঝড়বৃষ্টি।

0
4984

হ্যালো 24 নিউজ।। শনিবার বিকালে ঢাকায় মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে ধুলার যন্ত্রণাও কমেছে কিছুটা।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলের ঝড়ো হাওয়া বয়ে যায়।
“ঢাকায় এটা ছিল মৌসুমের প্রথম ঝড় বৃষ্টি। ৪টা ৩৫ মিনিটে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার। তবে ঢাকার বাইরে দেশের অধিকাংশ জায়গায় কালবৈশাখী হচ্ছে এ মৌসেুমে।” ফাল্গুনের শেষ সময়ে চৈত্রের প্রাক্কালে ঢাকার বাইরে গরম ও ঝড়বৃষ্টির দাপট দেখা যাচ্ছে কয়েক দিন ধরেই।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। দেশের অন্যত্র ২-৩ দিন শিলাবৃষ্টি এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে।

এছাড়া চলতি মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১ থেকে দুটি মৃদু (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

অপর দিকে দিনাজপুর জেলাসহ বীরগঞ্জ, কাহারোল, খানসামা উপজেলায় প্রবল বেগে ঝড়ো দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ঠান্ডার প্রভাব পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here